প্রিন্ট এর তারিখ : ০৪ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৯ মে ২০২৬
নারায়ণগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগে গণপিটুনির শিকার যুবকের মৃত্যু
নারায়নগঞ্জ প্রতিনিধি ||
নারায়ণগঞ্জের ফতুল্লায় শিশু ধর্ষণের অভিযোগে গণপিটুনির শিকার হয়ে হিরু (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। প্রায় ছয় দিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর ঈদের দিন রাতে তার মৃত্যু হয়। নিহত হিরু ফতুল্লার বক্তাবলী ইউনিয়নের চরবয়রাগাদী গ্রামের মনির হোসেনের ছেলে।জানা যায়, গত ২২ মে বিকেলে ফতুল্লার চরবয়রাগাদী গ্রামে ছয় বছর বয়সী এক শিশু কন্যাকে বিস্কুট কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে পাটক্ষেতে নিয়ে যান হিরু। অভিযোগ রয়েছে, সেখানে বন্ধু সোহেলের সহযোগিতায় শিশুটিকে ধর্ষণ করেন তিনি। বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ এলাকাবাসী হিরুকে তার বাসা থেকে ধরে এনে গণপিটুনি দেয়। পরে তার পরিবারের লোকজন এলাকাবাসীর কাছে ক্ষমা চেয়ে তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে ভর্তি করেন।এ ঘটনার পরদিন ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে হিরু ও তার বন্ধু সোহেলের বিরুদ্ধে থানায় ধর্ষণের অভিযোগে একটি মামলা দায়ের করেন। ঘটনার পরপরই পুলিশ অভিযুক্ত সোহেলকে গ্রেপ্তার করে। অন্যদিকে, গণপিটুনির শিকার হিরু হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।হিরুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, অবস্থা আশঙ্কাজনক হওয়ায় হিরুকে ঢামেকে ভর্তি করা হয়েছিল। বৃহস্পতিবার মধ্যরাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বর্তমানে তার মরদেহ ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে এবং ময়নাতদন্ত শেষে তা পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
প্রকাশক : মেরাজ উদ্দিন শুভ
কপিরাইট © ২০২৬ ভোরবেলা । সর্বস্বত্ব সংরক্ষিত